স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা থেকে আন্তঃজেলার পাঁচ রুটে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার প্রতিবাদে সোমবার(২৮ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি পালন করছে চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়ন ও বাস চালকেরা।
জানা যায়, গত রবিবার(২৭ সেপ্টেমর) দামুড়হুদার ফকিরপাড়ায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখি ভ্যানচালকদের সঙ্গে লোকাল বাস শ্রমিকদের বিরোধ সৃষ্টি হয় । একপর্যায়ে বাসের শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে লোকাল বাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ সোমবার সকাল ছয়টা থেকে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শ্রমিকরা জানায়। ইজিবাইক চালকেরা বাস চালকদের ব্যারিকেড দিয়ে মহাসড়কে তাদের বাস থামিয়ে রাখে। প্রায় ৫ ঘন্টা ধরে ইজিবাইক চালকদের এই সড়ক অবরোধ চলে। যার প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করেছে চালকেরা।
সকাল থেকে জেলার ৫ রুটে বাস চলাচল বন্ধের কারণে চরমভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী সাধারণদের। বিশেষ করে দুরগামি চলাচলকারি যাত্রীদের বেশি দুর্ভোগ হচ্ছে।
সড়কে গাড়ির অপেক্ষারত যাত্রী শফিকুর রহমান বলেন, ‘বাস না চলাচলের কারণে ব্যাটারিচালিত ইজিবাইকে করে যেতে হবে। এতে সময় ও টাকা বেশি ব্যয় হবে। এই ভাবে বাস চলাচল না করলে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে গাড়ি আটকানোর প্রতিবাদে শ্রমিকরা ডেকেছে এই ধর্মঘট। মহাসড়কে এই ইজিবাইকের সেচ্ছাচারিতা মেনে নেওয়া যাবে না। আজ বেলা সাড়ে ১১ টায় শ্রমিক ও বাস মালিক ঐক্যপরিষদের আলোচনা সভায় এই কর্মসূচি নিয়ে পরবর্তী সিধান্ত জানানো হবে।