অনলাইন ডেস্ক: কক্সবাজার বিমানবন্দরের নতুন নির্মিত টার্মিনাল ভবন থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর পাঁচ মিনিট পর সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার অ্যাস্ট্রা ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটও নতুন টার্মিনাল থেকে যাত্রা করে।
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা এবং পর্যটন শিল্পের প্রসারের লক্ষ্যেই কয়েক বছর ধরে বিমানবন্দরটির আধুনিকায়নের কাজ চলছে। আধুনিকায়ন প্রকল্পের অন্যতম বড় অংশ হলো বিমানবন্দরের রানওয়ে সাগরের দিকে এক হাজার ৭০০ ফুট সম্প্রসারণ।
এক হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালের ২৯ আগস্ট। প্রকল্পের আওতায় নতুন টার্মিনাল ভবন নির্মাণের পাশাপাশি বিমানবন্দরে আধুনিক এভিয়েশন অবকাঠামো যুক্ত করা হচ্ছে।
নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে বিমানবন্দরের আধুনিকায়ন কার্যক্রম আরও একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। নতুন অবকাঠামোর সঙ্গে নিয়মিত বিমান চলাচল কীভাবে পরিচালিত হবে, তার প্রস্তুতির অংশ হিসেবেই এই পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
এদিকে, বিমানবন্দরের নতুন রানওয়ে আগামী অক্টোবর মাসে পুরোদমে চালু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। রানওয়ে চালু হলে কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ সম্পন্ন হবে।
কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন প্রকল্পে নতুন টার্মিনাল ভবনের পাশাপাশি রানওয়ে সম্প্রসারণসহ আধুনিক এভিয়েশন অবকাঠামো যুক্ত করা হচ্ছে। পর্যটন নগরীটির সঙ্গে দেশের অন্যান্য এলাকার বিমান যোগাযোগ আরও আধুনিক করার পাশাপাশি কক্সবাজারকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে এই উদ্যোগের।
সূত্র:এফএনএস, নিজস্ব প্রতিবেদক