স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। বিজিবির দাবি, আটক করা সিরাপটি ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মাদকদ্রব্য।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাপাহার উপজেলার আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাতারী নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা কিংডিল সিরাপ সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু পাচার, মাদক পাচার ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।