বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকার কবরস্থানে জায়গার সংকট, স্বজনের কবর সংরক্ষণে কোটি টাকা সাইবার আইন নিপীড়নমূলক না করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট ভেজাল ও নকল সার-কীটনাশকে ক্ষতির মুখে পড়ছে কৃষক আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলো মোজতবা খামেনি ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআই নির্ভর নতুন সুবিধা আনছে ইউটিউব লোকসান ও সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন ধামইরহাটে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে গৃহবধূ জখম

সিরিকে নতুন করে সাজালো অ্যাপল

  • প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২.২৩ পিএম
  • ৪১ দেখেছেন:

অনলাইন ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন রূপ দিচ্ছে অ্যাপল। নতুন সংস্করণে সিরি শুধু প্রশ্নের উত্তর দেবে না, আইফোনের পর্দায় থাকা তথ্য বুঝে বিভিন্ন অ্যাপে কাজও করতে পারবে। ব্যবহারকারীর বার্তা, ক্যালেন্ডার ও অন্যান্য অ্যাপের তথ্য কাজে লাগিয়ে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়ার সুবিধাও থাকবে। নতুন সিরি চালু হচ্ছে আইওএস ২৭-এর অংশ হিসেবে। সিরির মূল ধারণার সঙ্গে যুক্ত ছিলেন ড্যাগ কিটলস, অ্যাডাম শেয়ার ও টম গ্রুবার। ২০০৭ সালে তারা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন, যার লক্ষ্য ছিল শুধু তথ্য খুঁজে দেওয়া নয়, ব্যবহারকারীর হয়ে প্রয়োজনীয় কাজও সম্পন্ন করা। এই ধারণাকে ‘ডু ইঞ্জিন’ হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। অ্যাপল ২০১০ সালে ২০ কোটি ডলারের বেশি অর্থে সিরি অধিগ্রহণ করে বলে সে সময়ের বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। পরের বছর আইফোন ৪এস-এর সঙ্গে এটি চালু হয়। তবে দীর্ঘ সময় ধরে সিরির ব্যবহার মূলত অ্যালার্ম দেওয়া, গান চালানো কিংবা সহজ প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমিত ছিল। নতুন সংস্করণে সেই সীমাবদ্ধতা কাটানোর চেষ্টা করছে অ্যাপল। পরীক্ষামূলক সংস্করণে সিরি বার্তা অ্যাপ থেকে আসন্ন দাঁতের চিকিৎসার সময়সূচি খুঁজে বের করা, বন্ধুর পাঠানো বার্তা থেকে কোনো ব্যান্ড সম্পর্কে তথ্য বের করা কিংবা ইনস্টাগ্রামে পাওয়া রেসিপি পরে দেখার জন্য সংরক্ষণ করার মতো কাজ করতে পারে। অ্যাপলের দাবি, তাদের বিশাল অ্যাপভান্ডার, আইফোন ও অ্যাপল ওয়াচের ব্যবহার এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার ওপর গুরুত্ব সিরিকে অন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীদের থেকে আলাদা করতে পারে। এ জন্য ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’ ব্যবস্থাও ব্যবহার করা হচ্ছে। আইফোনে কোনো কাজ সরাসরি করা সম্ভব না হলে প্রয়োজনীয় তথ্যের নির্দিষ্ট অংশ অ্যাপলের সার্ভারে পাঠানো হবে। তবে এই পরিবর্তন অ্যাপ নির্মাতাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ব্যবহারকারীরা যদি সিরির মাধ্যমেই কেনাকাটা, রেস্তোরাঁয় বুকিং বা ভ্রমণের ব্যবস্থা করতে পারেন, তাহলে প্রতিটি কাজের জন্য আলাদা অ্যাপ খোলার প্রয়োজন কমে যেতে পারে। ফলে অ্যাপল ও বিভিন্ন অ্যাপ নির্মাতার মধ্যে নতুন ধরনের টানাপোড়েন তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সিরির অন্যতম নির্মাতা ড্যাগ কিটলসের মতে, ১৫ বছর আগে সিরি তৈরির সময় যে লক্ষ্য ছিল, তা এখনো একই আছে। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সংস্করণের মাধ্যমে সেই পুরোনো ধারণা বাস্তবে কতটা সফলভাবে রূপ দেওয়া যায়, সেটিই এখন দেখার বিষয়। সূত্র:এফএনএস

শেয়ার করুন

আরও খবর>

© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews