মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

নওগাঁ ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত

  • প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৪০ পিএম
  • ৫৪ দেখেছেন:
স্টাফ রিপোর্টার: নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজারে নওগাঁ ফিলিং স্টেশন এর সামনে ড্রাম ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নওগাঁ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান (৪৩) নিহত হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে নওগাঁ শহরে কাজ শেষে স্ত্রী ও সাত বছরের কন্যাকে নিয়ে সিএনজি যোগে নওগাঁ শহর থেকে মহাদেবপুর উপজেলায় যাওয়ার সময় হাঁপানিয়া বাজারে নওগাঁ ফিলিং স্টেশন এর সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তার সাত বছরের মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় রুমাইসা জামানকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে গতকাল শনিবার রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ রোববার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ জানান,  নিহত উপসহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান নওগাঁ সড়ক বিভাগের পত্নিতলা সাব ডিভিশনাল অফিসের অধীনে মহাদেবপুর উপজেলার সেকশনাল অফিসার (এসও) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শনিবার ছুটির দিন থাকার কারণে পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত পারিবারিক কাজে রাশেদুজ্জামান নওগাঁতে আসেন । কাজ শেষে রাতে রিজার্ভ সিএনজিযোগে স্ত্রী তানজিনা আলম তিশা ও মেয়ে রুমাইসা জামান কে সাথে নিয়ে মহাদেবপুর উপজেলায় তার বাসায় ফেরার সময় নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকায় নওগাঁ ফিলিং স্টেশনের সামনে ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে উপসহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান নিহত হয়। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় । দীর্ঘ প্রায় তিন বছর ধরে সে নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়ক বিভাগের সেকশনাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ মর্মান্তিক দুর্ঘটনার পর তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে মরদেহ  উদ্ধার করে নওগাঁ সদর হাসপালের হিমঘরে রেখেছে।

নওগাঁ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান,  দুর্ঘটনার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে। এ ব্যাপারে নওগাঁ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘাতক ট্রাক আটক করতে অভিযান অব্যাহত রেখেছে। নিহতের পরিবারের এবং সড়ক বিভাগের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত উপসহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান এর মরদেহ বিনা ময়না তদন্তে দাফনের জন্য আর পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ##

শেয়ার করুন

আরও খবর>
© All rights reserved © 2010-2026 Naogaonvision
Theme Download From CreativeNews